প্রকাশিত : ৭ মার্চ, ২০২৬ ১৬:২১

বাংলাদেশে ৬০ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেবে আইএসডিই ও কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড

খবর বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশে ৬০ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেবে আইএসডিই ও কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড

বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ-এর উদ্যোগে এবং কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার-এর সহায়তায় বাংলাদেশে ৬০ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হবে। এর মধ্যে ৪২ হাজার খাদ্য প্যাকেট রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে এবং ১৮ হাজার কক্সবাজারের স্থানীয় হোস্ট কমিউনিটির মধ্যে বিতরণ করা হবে।

“ইমারজেন্সি ফুড অ্যাসিসটেন্স ফর রোহিঙ্গা অ্যান্ড হোস্ট কমিউনিটি ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ১ কেজি লবণ দেওয়া হবে।

গত সোমবার (২ মার্চ ২০২৬) ঢাকায় সৌদি দূতাবাস-এ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি দূতাবাসের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আলাহমারি। এছাড়া কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের প্রতিনিধি আবদুল রহমান আল-মুতাইরি, ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৌদি দূতাবাসের রাজনৈতিক ও মিডিয়া অ্যাফেয়ার্স পরিচালক ইয়াসির শেশাহ।

কর্মসূচির অংশ হিসেবে ৩ মার্চ মহাখালীর ওয়্যারলেস গেইট এলাকায় টিএন্ডটি বালিকা উচ্চ বিদ্যালয় ও মিরপুরের পল্লবী বিদ্যা নিকেতনে ১ হাজার ৭৫০ পরিবারের মাঝে খাদ্য প্যাকেট বিতরণ করা হয়। ৪ মার্চ মোহাম্মদপুরের সিলিকন প্রান্তিক রোডের সেক্রেটারিয়াট এলাকায় ১ হাজার ৭০ পরিবারের মাঝে এবং ৫ মার্চ ধানমন্ডির রায়েরবাজার হাই স্কুলে ১ হাজার ১৩০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোয়ালিশন ফর আরবান পুয়র (কাপ)-এর নির্বাহী পরিচালক রেবেকা সানিয়াত, বাপার কোষাধ্যক্ষ ও পানি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য আমিনুর রসুল (বাবুল), নারী নেত্রী মাসুদা ফারুক রত্না, এডাবের পরিচালক একেএম জসিম উদ্দীন এবং আইএসডিই কর্মসূচি সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কর্মকর্তারা।

জানা গেছে, কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার বিশ্বব্যাপী ১৫টি দেশে খাদ্য নিরাপত্তা সহায়তা কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত। এ উদ্যোগের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা দেওয়া হচ্ছে।

এটি সংস্থাটির পঞ্চমবারের মতো বাংলাদেশে মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রম। দ্রুত বিতরণ ব্যবস্থার মাধ্যমে সবচেয়ে প্রয়োজনীয় জনগোষ্ঠীর কাছে সময়মতো খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আলাহমারি বলেন, সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে, যাতে সঠিক ব্যক্তিদের কাছে সময়মতো সহায়তা পৌঁছায় এবং মাঠপর্যায়ে এর সর্বোচ্চ প্রভাব নিশ্চিত করা যায়।

আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন বলেন, সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের এ উদ্যোগ বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা। বিশেষ করে পবিত্র রমজান মাসে যখন অনেক পরিবারের আয় কমে যায় এবং ব্যয় বেড়ে যায়, তখন এই খাদ্য সহায়তা তাদের জন্য বড় সহায়ক হবে।

উপরে