প্রকাশিত : ৭ মার্চ, ২০২৬ ১৬:২৭

নওগাঁয় পরিত্যক্ত আ'লীগ কার্যালয়ে হঠাৎ বাজানো হলো ৭ই মার্চের ভাষণ

নওগাঁ সংবাদদাতাঃ
নওগাঁয় পরিত্যক্ত আ'লীগ কার্যালয়ে হঠাৎ বাজানো হলো ৭ই মার্চের ভাষণ
নওগাঁর পরিত্যাক্ত আ’লীগ কার্যালয়। ছবি- সংবাদদাতা

নওগাঁয় আওয়ামী লীগের পরিত্যক্ত দলীয় কার্যালয়ে ছোট একটি মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ (অডিও) প্রচার করা হয়। শনিবার (০৭ মার্চ) সকালে শহরের সরিষাহাটির মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় একটি ছোট মাইক বসিয়ে ভাষণটি প্রচার করা হয়। পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয় কৌতূহল ও আলোচনার।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভাঙাচোরা ও প্রায় পরিত্যক্ত দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় একটি ছোট মাইকের মাধ্যমে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানো হচ্ছে। তবে মাইকটি কারা, কখন এবং কীভাবে সেখানে স্থাপন করেছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকেও দেখা যায়নি।
তবে পরে দলটির কিছু নেতাকর্মী তাদের নিজ নিজ ফেসবুক আইডিতে ভাষণ প্রচারের ভিডিওটি শেয়ার করে বিষয়টি জানান দেন।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, এ ধরনের একটি ঘটনার কথা আমরা শুনেছি। পরে স্থানীয় লোকজন মাইকটি খুলে নিয়ে গেছে বলে জানতে পেরেছি।

উপরে