প্রকাশিত : ৭ মার্চ, ২০২৬ ১৭:০৬
নাটোরে পানির ট্যাংকিতে মিললো ১০ হাজার লিটার ডিজেল, জরিমানা
উপজেলা সংবাদদাতা, সিংড়া, নাটোর
নাটোরের সিংড়া পৌরসভা এলাকায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক জ্বালানি তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ মার্চ) দুপুরে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া পৌরসভার নিংগইন ভাটোপাড়া মহল্লার একটি মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে পানির ট্যাংকি বসিয়ে জ্বালানি তেল মজুদ করে রাখা হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় প্রশাসন। এ সময় মাটির নিচে স্থাপন করা ট্যাংকির ভেতর থেকে ১০ হাজার লিটার ডিজেল তেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় জ্বালানি তেল ব্যবসায়ী রুবেল (৩৪)-কে ডিজেল তেল অবৈধভাবে মজুদ করে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে আগামীকালের মধ্যে উদ্ধার করা ডিজেল তেল বৈধভাবে তার দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
