প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ ০১:১৯

সিংড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মেয়ের বাবাকে মারধর, জখম

সিংড়া, নাটোর সংবাদদাতাঃ
সিংড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মেয়ের বাবাকে মারধর, জখম

নাটোরের সিংড়া উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক নারীর বাবাকে বেদম মারধর করে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে।

 
রবিবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি ফটিক (৫০), তিনি মৃত জামাল সরদারের ছেলে।
 
আহত ফটিক জানান, স্থানীয় আয়ুব আলীর ছেলে ইমান দীর্ঘদিন ধরে তার মেয়েকে রাস্তাঘাটে উত্যক্ত করত। এছাড়া জোর করে বিয়ে ও তুলে নিয়ে যাওয়ার হুমকি দিত। বিষয়টি নিয়ে কয়েকবার নিষেধ করলেও ইমান তা আমলে নেয়নি।
 
তিনি আরও জানান, রবিবার ইফতারের পর তিনি বাড়ির পাশের পুকুর পাড়ে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ইমান, রানা, হাসানসহ কয়েকজন তাকে মুখ চেপে ধরে টেনেহিঁচড়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে বেদম মারধর করা হয় এবং হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করা হয়। পরে মোটরসাইকেলে একজন লোক আসতে দেখে হামলাকারীরা তাকে ফেলে দ্রুত পালিয়ে যায়।
 
ভুক্তভোগী ওই তরুনী (২৩) জানান, তার স্বামী ঢাকায় থাকতেন এবং তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় দুই মাস আগে তার স্বামী মারা যান। এরপর থেকে ইমান তাকে প্রায়ই উত্যক্ত করত এবং জোর করে বিয়ে করার পাশাপাশি তুলে নেওয়ার হুমকি দিত। বিষয়টি তিনি তার পরিবারকে জানালে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তার বাবা বিষয়টি নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন সেতু।
 
এ বিষয়ে অভিযুক্ত ইমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
 
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবম আব্দুর নূর জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপরে