বগুড়ায় যাত্রীবাহী বাসে ২ হাজার পিস ইয়াবা পাচারকালে গ্রেফতার ১
বগুড়ায় যাত্রীবাহী বাসে করে ভারতীয় সীমান্ত দিয়ে আনা ২ হাজার পিস ইয়াবা পাচারকালে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়। বৃহস্পতিবার (১২ মার্চ ) দুপুরে বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর এলাকার বাসিন্দা মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম (৪৮)।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় সীমান্ত দিয়ে আনা একটি মাদকের চালান বগুড়ার দিকে পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হিলি থেকে বগুড়াগামী A.S.T. Brother পরিবহনের (রেজি: ঢাকা মেট্রো-ব-১১-৩৪৩৫) একটি যাত্রীবাহী বাস গোকুল এলাকায় হযরত শাহ শাফি (রঃ) এর মাজারের সামনে থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির এক পর্যায়ে বাসের G-1 সিটে টিকিটবিহীন যাত্রী হিসেবে বসে থাকা জাহিদুল ইসলামের দেহ তল্লাশি করে একটি লাল টিস্যু ব্যাগের ভেতর স্কচটেপে মোড়ানো দুটি পলিপ্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১ হাজার পিস করে মোট ২ হাজার পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার আনুমানিক ওজন প্রায় ২০০ গ্রাম। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত সিমসহ একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলায় ডিএনসি বগুড়ার পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়েছেন।
ডিএনসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি মাদকের এই চালানের সঙ্গে জড়িত আরও কয়েকজনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় তাদের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।
