বগুড়াবাসীর বঞ্চিত অধিকার ফিরিয়ে দেওয়া হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দীর্ঘ ১৭ বছর বগুড়াবাসী নানা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সেসব অধিকার চিহ্নিত করে ধাপে ধাপে ফিরিয়ে দেওয়া হবে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে গত ১৭ বছর বগুড়ার মানুষ অনেক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা বাড়তি সুযোগ দিতে পারব কি না জানি না। তবে ওয়াদা করে যাচ্ছি, যে অধিকার আপনাদের প্রাপ্য ছিল এবং যেখান থেকে আপনাদের বঞ্চিত করা হয়েছে, সেগুলোর তালিকা করে তা ফিরিয়ে দেওয়া হবে।’
তিনি আরও বলেন, বর্তমান সরকারের বয়স এখনো এক মাসও পূর্ণ হয়নি। অনেকের ভোটের কালির দাগও শুকায়নি। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। এরই মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং কৃষক কার্ড বিতরণের কাজও চলমান রয়েছে।
গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন সময় ক্ষমতাসীন মহল গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি এবং ৩১ দফা কর্মসূচিতে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার কথা উল্লেখ রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সে লক্ষ্যে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে।
সাংবাদিকদের কল্যাণে নেওয়া উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের জন্য যে সহায়তা দেওয়া হচ্ছে তা কোনো দয়া বা অনুদান নয়; বরং গণমাধ্যমকে শক্তিশালী করার একটি প্রয়াস। রাষ্ট্রে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় সরকার কাজ করবে বলেও জানান তিনি।
এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ টেলিভিশনের বগুড়াকেন্দ্রিক সম্প্রচার কেন্দ্র স্থাপনের যে স্বপ্ন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেছিলেন, তা বাস্তবায়নে অনতিবিলম্বে নতুন করে উদ্যোগ নেওয়া হবে।’
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এছাড়া বক্তব্য দেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ ছাড়া বাকি সাত জেলার ৫১ জন সাংবাদিকের মধ্যে ২ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান এবং ৪৬ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৫২ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
