প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬ ০০:৩৭
রায়গঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল জব্দ
রায়গঞ্জ সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে ক্রয় ও মজুদ করার অভিযোগে ১৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাঁকাই গ্রামের দক্ষিণপাড়া মৃত. ছোলো শেখের ছেলে মোন্নাফ আলীর বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও তার ছেলে জহুরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ বিভিন্ন উৎস থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ক্রয় করে তার ছোট ভাই মোন্নাফ আলীর বাড়িতে অবৈধভাবে মজুদ করে আসছিলেন। অভিযোগ রয়েছে, বর্তমান নিজেদের ক্ষমতাসীন দলের পরিচয়ে দাপট ও প্রভাবে তারা আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং প্রকাশ্যেই এ কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা গণমাধ্যমকর্মীদের হুমকি ধামকি প্রদানের অভিযোগও উঠেছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মজুদকৃত চাল জব্দের নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল ডিলার ছাড়া অন্য কারও কাছে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। জব্দকৃত চাল সরকারি খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
