প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬ ০০:৪৬

গোবিন্দগঞ্জে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

৯টি খুঁটি উপড়ে, ৯ ইউনিয়নে বিদ্যুৎ বন্ধ
গাইবান্ধা জেলা সংবাদদাতাঃ
গোবিন্দগঞ্জে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ওপর দিয়ে দ্বিতীয় দফায় বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে পাঁচ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুতের ৯টি খুঁটি উপড়ে পড়ায় উপজেলার পশ্চিমাঞ্চলের ৯টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে আকস্মিক ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ, মেরী, চকরহিমাপুর, খামারপাড়া, মাদারপুর এবং দরবস্ত ইউনিয়নের গোশাইপুর, রামনাথপুর, দুর্গাপুরসহ বেশ কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ঝড়ের তাণ্ডবে কাঁচা-পাকা ও টিনশেড ঘরবাড়ি ভেঙে পড়ে, অনেক ঘরের টিনের চাল উড়ে যায়। গাছপালা ভেঙে ঘরের ওপর পড়ে ক্ষয়ক্ষতি আরও বেড়েছে। শিলাবৃষ্টির কারণে প্রায় পাঁচ শতাধিক ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ছাড়া ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে উঠতি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এর আগে গত রোববার রাতেও একই উপজেলায় ঝড়ের আঘাতে ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছিল।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপরে