রাজশাহীতে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও অস্ত্র মজুত করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল মঙ্গলবার রাত পৌনে একটার দিকে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবু বাগানে এ অভিযান চালায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, অভিযান চলাকালে সেখানে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা দেখতে পান র্যাব সদস্যরা। বস্তাগুলোতে বিস্ফোরক থাকতে পারে এমন সন্দেহ হলে ঘটনাস্থলে র্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তা দুটি পরীক্ষা করে মোট ২১টি ককটেল সদৃশ্য বস্তু শনাক্ত করেন।
এছাড়াও একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে একটি কান্তাই (হাসুয়া), একটি বড় ছোরা, একটি ছোট ছোরা এবং একটি চাকু উদ্ধার করা হয়। ঘটনাস্থলে স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হলেও এসব ককটেল ও অস্ত্রের মালিকানা সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেননি। তাই প্রাথমিক অনুসন্ধানেও এর সঙ্গে জড়িতদের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
র্যাবের ধারণা, আসন্ন ঈদকে সামনে রেখে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব ককটেল ও দেশীয় অস্ত্র সেখানে মজুত করে রেখেছিল।
চন্দ্রিমা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধারকৃত ককটেল ও দেশীয় অস্ত্রগুলো হস্তান্তর করা হয়েছে। কারা এগুলো মজুত করেছিল তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব।
