প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬ ০২:০৬

গাবতলীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে আহত কন্যা, আশঙ্কাজনক
নিজস্ব প্রতিবেদক
গাবতলীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

বগুড়ার গাবতলী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফাহিমা খাতুন (নিহত) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মেয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত ফাহিমা খাতুন গাবতলী উপজেলার তরফ ভাইখা গ্রামের বাসিন্দা ও মো. মিল্টনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফাহিমা খাতুন মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ও তার মেয়ে ফাহমিদা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে ফাহিমা খাতুন মারা যান।

বর্তমানে তার মেয়ে ফাহমিদা হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ রাকিব হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উপরে