প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ ০১:০১

রাজশাহীতে ফেনসিডিল ও প্রাইভেট কারসহ গ্রেপ্তার ৩

মোঃ ফয়সাল আলম, রাজশাহী
রাজশাহীতে ফেনসিডিল ও প্রাইভেট কারসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল এবং প্রাইভেট কারসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি দল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে জেলার তানোর উপজেলার যোগিশো এলাকায় এ অভিযান চালায়। বুধবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে যুগিশো এলাকার মুণ্ডুমালা-তানোর সড়কে একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। এসময় কার থেকে ১৪৬ বোতল ফেনসিডিল, ১২ হাজার ১০০ টাকা, চারটি মোবাইল ফোন সেট এবং সাতটি সিম কার্ডসহ প্রাইভেট কারটি জব্দ করা হয়। 

মাদকদ্রব্য বহনের দায়ে এ সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর এলাকার হাসিবুল ইসলাম জনি (৪০), জেলার কানসাট এলাকার মনিরুল ইসলাম (২৫), কারের চালক শিবগঞ্জ উপজেলার গুয়াবাড়ি চানপুর এলাকার জায়েদ হামানকে (২২) গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধেই সংশ্লিষ্ট তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

উপরে