প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬ ০০:৪৯

মঙ্গলবার ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতিমাসের মতো জ্বালানি তেলের নতুন দাম মঙ্গলবার (৩১ মার্চ) ঘোষণা করা হবে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখেই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ৩০ মার্চ পর্যন্ত দেশে প্রায় ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। এছাড়া এপ্রিল মাসে আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল আমদানি হবে। ফলে আগামী মাসে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই।

অকটেন ও পেট্রোলের ব্যবহার তুলনামূলক কম উল্লেখ করে তিনি বলেন, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি সেচ ও গণপরিবহনে ব্যবহৃত হয়।

মনির হোসেন চৌধুরী আরও জানান, জ্বালানি সাশ্রয়ে সরকার বিভিন্ন উদ্যোগ বিবেচনা করছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি বৃদ্ধি, অফিস সময় কমানো এবং অনলাইন ক্লাস চালুর মতো পদক্ষেপ আলোচনায় রয়েছে।

তিনি আশ্বস্ত করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়ে কাজ করছে।

উপরে