প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬ ০১:০১

অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বগুড়ায় সিপিবির বিক্ষোভ সমাবেশ

খবর বিজ্ঞপ্তিঃ
অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বগুড়ায় সিপিবির বিক্ষোভ সমাবেশ

 দেশের স্বার্থবিরোধী ও অসম বাণিজ্য চুক্তি বাতিল এবং সংশ্লিষ্টদের শাস্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ ও পথসভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সোমবার (৩০ মার্চ) কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিপিবি বগুড়া জেলা কমিটির উদ্যোগে শহরের সাতমাথা, বগুড়া প্রেস ক্লাবের সামনে, খান্দার বাজার, বৌবাজার ও চেলোপাড়া শাপলা চত্বরে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি মো. আমিনুল ফরিদ এবং সঞ্চালনা করেন কমরেড সোহাগ মোল্লা।

পথসভায় বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলাম, কমরেড শাহনেওয়াজ কবির খান পাপ্পু, কমরেড সাইদুর রহমান পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও বৈষম্যমূলক, যা দেশের সার্বিক স্বার্থের পরিপন্থী। তাদের দাবি, এই চুক্তি বাস্তবায়িত হলে দেশীয় শিল্প, কৃষি ও উৎপাদন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তারা আরও বলেন, যুক্তরাষ্ট্রের বিপুলসংখ্যক পণ্যে শুল্ক ছাড় দেওয়া হলে দেশের রাজস্ব আয় কমে যাবে এবং স্থানীয় বাজার প্রতিযোগিতায় ভারসাম্যহীনতা তৈরি হবে। এছাড়া চুক্তির শর্ত অনুযায়ী আমদানি নীতিতে বিধিনিষেধ তৈরি হতে পারে, যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের চুক্তি কার্যকর হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

সমাবেশ থেকে অবিলম্বে ওই চুক্তি বাতিলের দাবি জানানো হয়। অন্যথায় বাম প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিয়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।

উপরে