রায়গঞ্জে আইনজীবীকে প্রাণনাশের হুমকির, নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক আইনজীবীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন সিরাজগঞ্জ জজ কোর্টের আইনজীবী মো. এরশাদ আলী।শনিবার (৪ এপ্রিল) সন্ধায় উপজেলার ভূইয়াগাঁতী এলাকায় তার নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে প্রতিপক্ষের লোকজন তাকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছে এবং সম্প্রতি প্রাণনাশের হুমকি দিয়েছে। গত ২ এপ্রিল বিকেলে ধানগড়া ইউনিয়ন পরিষদের সামনে তাকে অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও মারমুখী আচরণসহ প্রাণনাশের হুমকি দেন।
এ ঘটনায় তিনি আব্দুর রাজ্জাক মন্ডল, লিটন, লুৎফর রহমান ও মতিয়ার রহমান হিরা গংকে অভিযুক্ত করেন।
এ বিষয়ে তিনি রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
