প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৬ ০২:৫৯
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
ষ্টাফ রিপোর্টার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ান হাউস ঢাকার পরিচালক মিস আলেকজান্দ্রা খ্লেভনয়।
রবিবার ঢাকাস্থ রাশিয়ান হাউজের সংশ্লিষ্টদের বরাতে জানা যায়, উক্ত সাক্ষাতে রাশিয়ান হাউসের কার্যক্রম, বাংলাদেশ–রাশিয়া সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের জন্য রাশিয়ান বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ার দিকনির্দেশনাও আলোচনা করা হয়। দুই পক্ষ ভবিষ্যতে আরও শক্তিশালী সহযোগিতা গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এছাড়াও আগামী ১২ই এপ্রিল ২০২৬ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের ভাস্কর্য স্থাপনের পরিকল্পনা, যা প্রথম মানব মহাকাশ ভ্রমণের ৬৫তম বার্ষিকী উদযাপন করবে। সে বিষয়েও রাশিয়ান হাউজের পরিচালক মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।
সাক্ষাতে রাশিয়ান দূতাবাসের প্রথম সচিব মিসেস আনাস্তাসিয়া নেমোভা এবং প্রেস এট্যাশে মিস সোফিয়া কুতেপোভা উপস্থিত ছিলেন।
