প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬ ২৩:৩৮

পর্নোগ্রাফি মামলায় শেরপুরে দুই কিশোর কিশোরী গ্রেপ্তার

শেরপুর, বগুড়া সংবাদদাতা
পর্নোগ্রাফি মামলায় শেরপুরে দুই কিশোর কিশোরী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে রেস্টুরেন্টে নিয়ে এক স্কুলছাত্রীর (১৫) অশ্লীল ভিডিও গোপনে ধারণ এবং পরে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা শহরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নবম শ্রেণির ছাত্র (১৬) এবং অপরজন অষ্টম শ্রেণির ছাত্রী (১৪)। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাদের বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, মামলার বাদী শহরের একটি হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। গত বছরের ৯ ডিসেম্বর ওই ছাত্রীরই এক সহপাঠী (১৬) তাকে প্রেমের সম্পর্কের সূত্র ধরে শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে ছাত্রীর অজান্তেই গোপনে তার অশ্লীল ভিডিও ধারণ করে ওই কিশোর। পরে সেই ভিডিওটি মামলার অপর দুই আসামির কাছে মুঠোফোনের মাধ্যমে পাঠিয়ে দেয়। ১ ও ২ নম্বর আসামি সেই ভিডিও দেখিয়ে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে অর্থ দাবি করে। টাকা না দিলে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। দাবি করা টাকা না পাওয়ায় গত ২৭ মার্চ আসামিরা ওই ভিডিওটি ফেসবুকে পোস্ট করে। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়লে ছাত্রীর সামাজিক ও ব্যক্তিগত মর্যাদা চরমভাবে ক্ষুন্ন হয়।
শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন জানান, ‘ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে পর্নোগ্রাফি আইনে মামলা হওয়ার পর শুক্রবার রাতে পৃথক অভিযান চালানো হয়। রাত পৌনে ১১টার দিকে মহিপুর বাজার এলাকা থেকে ওই কিশোরকে এবং শহরের উত্তর সাহাপাড়া এলাকা থেকে ওই কিশোরীকে গ্রেপ্তার করা হয়। এ মামলার এজাহারভুক্ত অপর আসামি (২০) পলাতক রয়েছে।’
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, মামলার আসামিরা সকলেই শেরপুর পৌর এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিডিও ধারণের কথা স্বীকার করেছে। পলাতক অপর আসামিকে প্তোরে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী ও আসামিদের জব্দকৃত মুঠোফোন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

উপরে