গুরুদাসপুরে গাড়ির শোডাউন: ছাত্রদল নেতাকে অব্যাহতি
নাটোরের গুরুদাসপুরে অর্ধশত সিএনজিচালিত গাড়ি নিয়ে শোডাউন করার ঘটনায় উপজেলা ছাত্রদলের এক নেতাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনার মুখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয়ভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অব্যাহতি পাওয়া নেতা হলেন গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিক।
জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতেই তিনি এই শোডাউনের আয়োজন করেন। গত রোববার বিকেলে গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তার নেতৃত্বে হাইয়েস, প্রাইভেটকারসহ প্রায় অর্ধশত গাড়ির বহর বের হয়। বহরটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়। এ সময় সমর্থকদের স্লোগানে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে।
শোডাউনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয়ভাবে তাকে পদ থেকে অব্যাহতি দেয়।
তবে অভিযোগ অস্বীকার করে মাসুদ রানা প্রামাণিক বলেন, জ্বালানি সংকট শুরুর আগেই গাড়িগুলো বুকিং দেওয়া হয়েছিল। মূলত রমজান মাসে কর্মসূচি আয়োজনের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। পরে ঈদের পর গাড়িচালকদের অনুরোধেই অনুষ্ঠানটি করা হয়।
তিনি আরও দাবি করেন, শোডাউনে অংশ নেওয়া অধিকাংশ গাড়িই সিএনজি ও এলপিজিচালিত ছিল এবং তেলচালিত কোনো গাড়ি ব্যবহার করা হয়নি।
