যাত্রাবাড়ীতে মায়ের সামনে মেয়েকে কুপিয়ে হত্যা, আটক ঠিকাদার
রাজধানীর যাত্রাবাড়ীতে মায়ের সামনে এক তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক নির্মাণ ঠিকাদার। এ ঘটনায় হামলাকারীকে স্থানীয়রা আটক করেছে। হামলায় নিহতের মা ও তার দুই ভাইবোন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকার সামাদ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দিয়া মনি নবনী (২০) বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী। আহতরা হলেন—তার মা নুসরাত জাহান মৌসুমী (৪২), বোন জয়া (১২) ও ভাই মোয়াজ (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ওই বাড়ির নির্মাণকাজের ঠিকাদার আবু মুসা (৪৫) হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মায়ের সামনেই দিয়া মনিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে হামলাকারীকে আটক করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৫৫ মিনিটে দিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মা ও দুই সন্তানকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে আনোয়ার খান মডার্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
