প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬ ০০:৪৭

প্রশ্নফাঁসের গুজবে কান না দিতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
প্রশ্নফাঁসের গুজবে কান না দিতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নফাঁসের গুজবে কান না দিতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

রোববার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

প্রশ্নফাঁস প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এ ধরনের গুজবে সরকার যেমন বিব্রত হয়, তেমনি শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শিক্ষার্থী ও অভিভাবকদের গুজবে কান না দেওয়ার অনুরোধ করছি। আমরা বিষয়টি নিয়ে সতর্ক আছি।”

তিনি আরও বলেন, গণমাধ্যমে বিবৃতি দেওয়ার পরও যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে নির্ভর করে সংবাদ প্রকাশের বিষয়ে সতর্ক করে মন্ত্রী বলেন, “টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুকের তথ্য যাচাই না করে সংবাদ করা উচিত নয়। ফেসবুকে অনেক সময় তাৎক্ষণিক ও ভিত্তিহীন মন্তব্য ছড়িয়ে পড়ে। এ ক্ষেত্রে গণমাধ্যমেরও দায়িত্বশীল ভূমিকা থাকা প্রয়োজন।”

এসএসসি পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাস করে ডিসেম্বরকে পরীক্ষার মাস এবং জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে সময়ের অপচয় কমানো যায়।

উপরে