প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬ ০১:১৩

বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তি রংপুর রেলস্টেশনের যাত্রীদের

জালাল উদ্দিন, রংপুর ঃ
বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তি রংপুর রেলস্টেশনের যাত্রীদের

রংপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে সামান্য বৃষ্টি হলেই যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। টিনের ছাউনি ফুটো হয়ে পানি পড়ায় প্ল্যাটফর্ম কাদা-পানিতে একাকার হয়ে যাচ্ছে, ফলে যাত্রীদের চলাচল ও বসার জায়গা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্ল্যাটফর্মের ছাউনির দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বৃষ্টির সময় পানি সরাসরি ভেতরে পড়ছে। এতে যাত্রীরা ভিজে যাওয়ার পাশাপাশি পিচ্ছিল মেঝেতে পড়ে যাওয়ার ঘটনাও ঘটছে। বিশেষ করে রাতে ট্রেনের জন্য অপেক্ষমাণ যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন।

স্টেশনে থাকা ভাসমান ও ভবঘুরে মানুষদেরও একই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এক যাত্রী জানান, “রাতে থেমে থেমে বৃষ্টি হয়েছে, পুরো প্ল্যাটফর্ম কাদা-পানিতে ভরে গেছে। ঘুমানো তো দূরের কথা, বসেও থাকা যায়নি।”

স্থানীয়রা অভিযোগ করেন, প্ল্যাটফর্মে বসার জায়গা এমনিতেই কম, তার ওপর পরিচ্ছন্নতারও ঘাটতি রয়েছে। ফলে বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।

এক নিয়মিত যাত্রী বলেন, “শুনেছি আগে কিছু সংস্কার হয়েছে, কিন্তু বাস্তবে তার কোনো প্রভাব দেখা যায় না। শেডের ছিদ্র দিয়ে পানি পড়ছে, দাঁড়িয়ে থাকাও কষ্টকর।”

এদিকে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, দীর্ঘদিন ধরে রেলস্টেশনের উন্নয়ন ও সংস্কারের দাবি জানানো হলেও রেল কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না থাকায় যাত্রী দুর্ভোগ কমছে না।

তারা দ্রুত প্ল্যাটফর্মের ছাউনি সংস্কারসহ স্টেশন আধুনিকায়নের দাবি জানিয়েছেন।

উপরে