প্রকাশিত : ২ মে, ২০২৬ ২২:২৯

ভৈরবে সাত মাসের শিশুহত্যা: বাবা গ্রেপ্তার, হত্যার কথা স্বীকার

চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
ভৈরবে সাত মাসের শিশুহত্যা: বাবা গ্রেপ্তার, হত্যার কথা স্বীকার

কিশোরগঞ্জের ভৈরবে সাত মাস বয়সী শিশু মোজাহিদ হত্যা মামলার প্রধান আসামি ও শিশুটির বাবা মেরাজ মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

শনিবার (২ মে) বিকেলে তাকে ভৈরব থানায় সোপর্দ করা হয়। এর আগে দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্ব কান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেরাজ মিয়া নিজের সন্তান মোজাহিদকে হত্যার কথা স্বীকার করেছেন। পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে বলে জানান তিনি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মেরাজ মাদকাসক্ত ছিলেন। শিশুটি অসুস্থ হওয়ার পর চিকিৎসকের কথা বলে তাকে বাড়ি থেকে নিয়ে যান তিনি। পরদিন শিশুটির খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে গুজব ছড়ায়, মাদক কেনার জন্য শিশুটিকে বিক্রি করা হয়েছে।

পরে শিশুটির মা তাসলিমা বেগম ভৈরব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গত ১৬ এপ্রিল সকালে পূর্ব কান্দা এলাকার একটি বিল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে মা তাসলিমা বেগম মরদেহটি তার সন্তান মোজাহিদের বলে শনাক্ত করেন। এ ঘটনায় তিনি স্বামী মেরাজ মিয়াসহ পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

ভৈরব থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা মেরাজ মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উপরে