প্রকাশিত : ২ মে, ২০২৬ ২২:৪৬

ঈদুল আযহায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের সিদ্ধান্তে যাত্রী কল্যাণ সমিতির অভিনন্দন

খবর বিজ্ঞপ্তিঃ
ঈদুল আযহায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের সিদ্ধান্তে যাত্রী কল্যাণ সমিতির অভিনন্দন

 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তকে যুগান্তকারী ও ঐতিহাসিক আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ সিদ্ধান্তকে সাধুবাদ জানান। তিনি বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে বিভিন্ন জেলা ও ইউনিট পর্যায়ের বাসগুলোতে অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশনা সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে বাস মালিকদের এমন সিদ্ধান্ত জনগণের প্রতি তাদের দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ। এর মাধ্যমে পরিবহন খাতে মালিকদের হারানো আস্থা, ঐতিহ্য ও মর্যাদা পুনরুদ্ধার হবে বলে আশা প্রকাশ করা হয়।

যাত্রী কল্যাণ সমিতি জানায়, এই সিদ্ধান্ত বাস্তবায়নে তারা সক্রিয়ভাবে পাশে থাকবে। একই সঙ্গে পরিবহন খাতের সংস্কার, বিদ্যমান সমস্যা নিরসন এবং এ খাতকে শিল্পখাত হিসেবে ঘোষণার উদ্যোগ বাস্তবায়নে সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

এছাড়া ঈদযাত্রায় যেসব রুটে একমুখী যাত্রী চলাচল বেশি থাকে, সেসব রুট চিহ্নিত করে টোল মওকুফ এবং অগ্রাধিকার ভিত্তিতে নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

উপরে