প্রকাশিত : ২৩ মে, ২০২৬ ১৭:০১

রামিসা হত্যা মামলায় লড়বেন শিশির মনির, আসামিপক্ষে না দাঁড়ানোর ঘোষণা ঢাকা বারের

নিজস্ব প্রতিবেদক
রামিসা হত্যা মামলায় লড়বেন শিশির মনির, আসামিপক্ষে না দাঁড়ানোর ঘোষণা ঢাকা বারের
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় সারাদেশে উত্তেজনা বিরাজ করছে। এ মামলায় ভুক্তভোগী পরিবারের পক্ষে আইনি লড়াইয়ে নামছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

বৃহস্পতিবার (২১ মে) রাতে ফেসবুকে এক পোস্টে শিশির মনির এ ঘোষণা দেন। তিনি লিখেছেন, “শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় পরিবারের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ।”

অন্যদিকে, ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার) এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান শুক্রবার (২২ মে) সকালে ফেসবুকে জানান, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে ঢাকা বারের কোনো সদস্যই এই ঘৃণ্য মামলায় আসামি সোহেল রানার পক্ষে আইনি সহায়তা দেবেন না।

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি চলছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মহিলা বিভাগ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে। বক্তারা বলেন, নিষ্পাপ শিশুর সঙ্গে এমন বর্বরতার একমাত্র শাস্তি হওয়া উচিত দ্রুত ফাঁসি।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে রামিসার মস্তকবিহীন দেহ উদ্ধার করা হয়। পরে বাথরুমের বালতি থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত সোহেল রানা শিশুটিকে ফুসলিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে এবং পরে গলা কেটে হত্যা করে খাটের নিচে লুকিয়ে রাখে। ঘটনার পর তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হলেও সোহেল জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে সে অপরাধ স্বীকার করেছে।

বর্তমানে মামলাটি পল্লবী থানায় তদন্তাধীন রয়েছে।

উপরে