প্রকাশিত : ৩০ মে, ২০২৬ ০২:২৮
বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার
"মাদক কে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন" প্রতিপাদ্যতে বগুড়া সারিয়াকান্দিতে শিমুলতাইড় যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের শিমুলতাইড় গ্রামে আয়োজিত এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন বগুড়া ইয়ূথ ফোরামের সাধারণ সম্পাদক ইফতেখার রহমান জয়।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাই হতে পারে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। মাঠে ফিরলে যুবসমাজ, দূরে থাকবে অপরাধ ও বিপথগামিতা। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে তরুণদের সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে নিতে এমন ক্রীড়া আয়োজনের প্রশংসা করে আয়োজক কমিটির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এই যুব সংগঠক।
মামুন আল হাসান রনির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব মিয়া, ইউনিয়ন যুবদল নেতা নুরুল ইসলাম নাহিদ, ইউনিয়ন মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি রফিকুল ইসলাম, সমাজসেবক শামিম আহম্মেদ, ইউনিয়ন ছাত্রদল নেতা সিয়াম আহম্মেদ ও শিহাব উদ্দিনসহ অনেকে।
