রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জের রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মো. শান্তকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-১২।
র্যাব-১২, সিরাজগঞ্জের একটি চৌকস আভিযানিক দল আজ মঙ্গলবার (৩ জুন) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার নলকা সৈয়দ স্প্রিং মিলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
গত ২৬ এপ্রিল সকালে ভিকটিম শিশুটি বিদ্যালয়ে যাওয়ার পথে অভিযুক্ত শান্ত তাকে ফুসলিয়ে ও টাকার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর শিশুর বাবা বাদী হয়ে ৩ মে রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামি পলাতক ছিল।
র্যাব-১২ এর অধিনায়কের নির্দেশে পরিচালিত অভিযানে শান্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের অপরাধীকে আইনের আওতায় আনতে তারা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
