প্রকাশিত : ৫ জুন, ২০২৬ ০০:১৮

রাণীনগরে এবার তিন ব্যবসায়ীকে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই, আহত দুই

রাণীনগর, নওগাঁ সংবাদদাতাঃ
রাণীনগরে এবার তিন ব্যবসায়ীকে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই, আহত দুই

নওগাঁর রাণীনগরে সড়কে পথরোধ করে তিনজন ব্যবসায়ীকে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় মুখোশধারী ছিনতাইকারদের মারধরে দুইজন ব্যবসায়ী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার চকের ব্রিজ এলাকায় এই ঘটনাটি ঘটে।

একই রাতে উপজেলার আবাদপুকুর-একডালা সড়কের আবাদপুকুর কলেজ এলাকায় ছিনতাইকারীদের কবলে পরে দুই ব্যবসায়ী। এসব ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাণীনগর সদর বাজারের আনিছার রহমান (৫৫), আদমদীঘির পান্নানপুর গ্রামের জুয়েল সখিদার (৩৯) ও নওগাঁ সদরের চকবুলাকি সোনারপাড়া গ্রামের রাফিকুল ইসলাম (৩৮) একটি টমটমগাড়ি ভাড়া করে তিনজন ব্যবসায়ী সুপারী কেনার জন্য নাটোর যাচ্ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার চকের ব্রিজ এলাকায় পৌঁছলে ৮ থেকে ৯ জন মুখোশপড়া ছিনতাইকারীর দল দেশীয় অস্ত্র নিয়ে পথরোধ করে। এরপর মারধর করে তিনজন ব্যবসায়ীর নিকট থেকে প্রায় ৪৫ হাজার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। 

ছিনতাইকারীর কবলে পড়া জুয়েল সাখিদার জানান, ছিনতাইকারীরা রাফিকুল ইসলামকে হাসুয়া দিয়ে কোপ দেয়ায় এবং আমাকে (জুয়েল সাখিদাকে) মারধর করায় আহত হয়েছি। তিনি বলেন, একই সময় উপজেলার কাশিমপুর গ্রামের সুপারী ব্যবসায়ী গোপাল চন্দ্র ও উত্তম চন্দ্র আসলে ছিনতাইকারীদের দেখে দৌঁড়ে পালিয়ে যান।

অপরদিকে- বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আবাদপুকুর বাজারের চাল ব্যবসায়ী মারুফ হোসেন ও বিকাশের এজেন্ট হেলাল উদ্দীন ব্যবসার কাজ শেষ করে আবাদপুকুর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে আবাদপুকুর-একডালা সড়কের আবাদপুকুর কলেজ এলাকায় পৌঁছলে ৫ থেকে ৬ জন মুখোশধারী তাদের পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। 

ব্যবসায়ী মারুফ হোসেন জানান, সড়কের মাঝখানে মোটরসাইকেল দিয়ে বেড়িকেট দিয়ে তাদের উপর হামলা চালায় ছিনতাইকারীরা। এ সময় দ্রুত মোটরসাইকেল নিয়ে টান দিলে আর ধরতে পারেনি।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, এসব ঘটনায় থানায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। তবে ঘটনাগুলো ক্ষতিয়ে দেখা হচ্ছে।

উপরে