রাজশাহীতে আইন-শৃঙ্খলা উন্নয়নে আরএমপি'র বিশেষ সমন্বয় সভা
রাজশাহী মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বুধবার আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সভায় মহানগরীকে নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়।
সভায় আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির মাদক উদ্ধার ও নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে সমন্বয় আরও বাড়াতে হবে এবং মাদকবিরোধী অভিযান জোরদার করতে হবে।
ছিনতাই ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশি টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।
নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধেও সভায় গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে যৌথ ও সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন, লুকিং গ্লাসবিহীন ও হেলমেটজবিহীন মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত চেকপোস্ট পরিচালনা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
এছাড়া বাস টার্মিনাল, রেলস্টেশন ও যাত্রীসমাগমস্থলগুলোতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
মামলার তদন্ত কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করতে আরএমপি''র বিভিন্ন ইউনিটের মধ্যে কার্যকর সমন্বয়, তথ্য আদান-প্রদান বৃদ্ধি এবং তদন্ত তদারকি জোরদারের বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সমন্বয় সভায় আরএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), উপ-পুলিশ কমিশনার (সদর), উপ-পুলিশ কমিশনার (ডিবি), র্যাব-৫ রাজশাহী, সিআইডি রাজশাহী, নৌ-পুলিশ রাজশাহী অঞ্চল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
