টিকটক পরিচয় দুই তরুণীর, নিলেন একসাথে থাকার সিদ্ধান্ত
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়ের মাধ্যমে গড়ে ওঠা সম্পর্ক থেকে প্রেমের ঘটনায় কিশোরগঞ্জ থেকে টাঙ্গাইলের সখিপুরে এসে অবস্থান নিয়েছেন এক তরুণী। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে টিকটকের মাধ্যমে কিশোরগঞ্জের কাজলা এলাকার হাবিবা ও টাঙ্গাইলের সখিপুর উপজেলার শোলাপ্রতিমা গ্রামের রিমার পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়ে সম্পর্ক প্রেমে রূপ নেয় বলে দাবি করেন তারা।
সম্প্রতি হাবিবা সখিপুরে এসে রিমার বাড়িতে অবস্থান নেন। এরপর থেকেই বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
রিমা দাবি করেন, তিনি তার পূর্বের বৈবাহিক সম্পর্কের ইতি টেনে হাবিবার সঙ্গে জীবন কাটাতে চান। একইভাবে হাবিবাও জানান, তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এবং পরিবার ও সামাজিক বাধা উপেক্ষা করে নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছেন।
এ বিষয়ে স্থানীয়রা জানান, এলাকায় এমন ঘটনা আগে দেখা যায়নি। বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের সদস্য মিনহাজ উদ্দিন বলেন, “দুজনকে বিষয়টি বুঝিয়ে ফেরানোর চেষ্টা করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, চৌকিদার ও এলাকাবাসী কথা বলেছেন, তবে তারা নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছেন।”
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “ঘটনাটি সম্পর্কে শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা চলছে।
