গাইবান্ধায় ঘুষি মেরে গ্রিল মিস্ত্রিকে হত্যা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জহুরুল প্রধান (৪৫) নামে এক গ্রিল মিস্ত্রির মৃত্যুর ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি, বুকে ঘুষির আঘাতে তিনি মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জহুরুল প্রধান গোবিন্দগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চক গোবিন্দপুর চরপাড়া গ্রামের মৃত খালেক প্রধানের ছেলে। আটক এরশাদ মিয়া সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের সমত কানার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল প্রধান একটি অটোরিকশায় করে কাটা মোড় এলাকায় যাচ্ছিলেন। এ সময় এরশাদ মিয়াসহ ২-৩ জন একটি অটোরিকশাচালককে মারধর করছিলেন বলে অভিযোগ রয়েছে। জহুরুল প্রধান ওই ঘটনায় বাধা দিলে এরশাদ মিয়া তার বুকে সজোরে ঘুষি মারেন। এতে তিনি অসুস্থ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এরশাদ মিয়াকে আটক করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য থানার মাধ্যমে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
