কাহালুতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
বগুড়ার কাহালু উপজেলার বিবিরপুকুর বাজারে নিষিদ্ধ পিরানহা (চান্দা) মাছ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মলিহা খানম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জরিমানাপ্রাপ্ত মাছ ব্যবসায়ীর নাম জহুরুল ইসলাম।
অভিযান চলাকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নূর নবী, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব জামান সিদ্দিকী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে জব্দ করা পিরানহা মাছ পরে কাহালু পৌর এলাকার মাদরাসাতুস সাহাবা মাদরাসায় বিতরণ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নূর নবী জানান, পিরানহা মাছ খাওয়া আইনত নিষিদ্ধ নয়, তবে এ মাছের চাষ, উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ। কারণ পিরানহা একটি আগ্রাসী ও ক্ষতিকর বিদেশি প্রজাতির মাছ, যা পুকুর, খাল-বিল ও নদ-নদীর দেশীয় মাছের জন্য হুমকি সৃষ্টি করে। এ কারণে দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় সরকার এ মাছের চাষ ও বিস্তার আইনগতভাবে নিষিদ্ধ করেছে।
তিনি আরও জানান, নিষিদ্ধ প্রজাতির মাছের চাষ ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
