প্রকাশিত : ৪ জুলাই, ২০২৬ ১৭:৫৪

‘রাজনীতির কারণে মেধাবীরা বঞ্চিত হয়েছেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হবে মেধার ভিত্তিতে’

ঠাকুরগাঁও সংবাদদাতা
‘রাজনীতির কারণে মেধাবীরা বঞ্চিত হয়েছেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হবে মেধার ভিত্তিতে’

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতে রাজনৈতিক বিবেচনায় অনেক মেধাবী ব্যক্তি শিক্ষকতা পেশায় আসার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে সেই সংস্কৃতি থাকবে না; সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে।

শুক্রবার (৩ জুলাই) রাতে ঠাকুরগাঁও শহরে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর জয়নুল আবেদিন মিলনায়তনে আয়োজিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, শিক্ষকতা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পেশা। একজন শিক্ষক তার জ্ঞান নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নিজের কর্মজীবনের শুরু শিক্ষকতা দিয়ে উল্লেখ করে তিনি বলেন, জীবনের সবচেয়ে উপভোগ্য সময় ছিল শিক্ষকতা পেশায় কাটানো দিনগুলো।

তিনি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিয়েছে। তবে শুধু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাই নয়, শিক্ষার মান নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এ বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে শিক্ষক নিয়োগে মেধা, গবেষণা ও একাডেমিক উৎকর্ষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় শুধু পাঠদাননির্ভর প্রতিষ্ঠান হবে না; এটি গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে উত্তরাঞ্চলের পিছিয়ে থাকা এ জনপদকে শিক্ষার নতুন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই কাজ করা হচ্ছে।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইস্রাফীল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন এবং ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়সাপেক্ষ ও জটিল প্রক্রিয়া। তবে অল্প সময়ের মধ্যে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ যেভাবে এগিয়েছে, তা প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এ কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

স্বাগত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইস্রাফীল শাহীন বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম তৈরিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিমূর্ত চিত্রশিল্পী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং কার্টুনিস্ট অধ্যাপক শিশির ভট্টাচার্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবদানের কথাও তিনি তুলে ধরেন।

উপরে