বীরগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলার প্রতিবাদ, দোষীদের বিচারের দাবি
দিনাজপুরের বীরগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং নারীকে লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে উপজেলার কবিরাজহাট হাজীপাড়া এলাকায় আয়োজিত এ মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী মাওলানা লোমান সিদ্দিকী, মো. ওয়াজ কুরুনী, সজিব ইসলাম, মো. আনোয়ার হোসেন, মো. আল-আমিন ইসলাম, আছিয়া খাতুনসহ স্থানীয় বাসিন্দারা।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি কবিরাজহাট এলাকায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং এক নারীকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। তারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
তারা বলেন, সাধারণ মানুষের জানমাল ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা বাড়বে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে।
