প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬ ০১:২৫

রায়পুরায় নদীতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নরসিংদী সংবাদদাতাঃ
রায়পুরায় নদীতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নরসিংদীর রায়পুরা উপজেলায় পানিতে ডুবে চার মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো— বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), একই এলাকার রুবেল মিয়ার মেয়ে জান্নাত ইসলাম (৯), আশেয়া (৯) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে ৬ থেকে ৭ জন শিক্ষার্থী কাকন নদীতে গোসল করতে নামে। এ সময় একজন পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অন্যরাও পানিতে ডুবে যায়।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রথমে তিনজনকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়। পরে নিখোঁজ থাকা সুমাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান বলেন, “তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।”

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, নদীতে ডুবে মৃত্যুর ঘটনায় তিন শিশুর মরদেহ শনাক্ত করা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপরে