বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের স্থান ও মহাস্থানগড় পরিদর্শন করলেন উপাচার্য
বগুড়ার শিক্ষার সামগ্রিক মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সম্প্রসারণের লক্ষ্যে শিবগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত আঞ্চলিক কার্যালয়ের স্থান এবং ঐতিহাসিক মহাস্থানগড় পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
শুক্রবার (১৭ জুলাই) তিনি এ পরিদর্শন কার্যক্রমে অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ড. নাজিম উদ্দিন।
পরিদর্শনকালে তাঁদের স্বাগত জানান এবং সার্বিক বিষয়ে সহযোগিতা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান ও মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগুড়াসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের দাপ্তরিক ও একাডেমিক সুযোগ-সুবিধা আরও সহজ করতে শিবগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। উপাচার্য প্রস্তাবিত কার্যালয়ের স্থান পরিদর্শন করে এর উপযোগিতা যাচাই করেন।
পরে তিনি ঐতিহাসিক মহাস্থানগড় ও মহাস্থান জাদুঘর পরিদর্শন করেন। এ সময় জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা তাঁকে প্রাচীন পুণ্ড্রবর্ধন তথা মহাস্থানগড়ের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে অবহিত করেন।
পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বগুড়ার শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের দাপ্তরিক ভোগান্তি কমাতে প্রস্তাবিত আঞ্চলিক কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুত এ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
