প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ ২২:১৯
বগুড়ায় জয় জগন্নাথ ধ্বনিতে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার
"জয় জগন্নাথ, জয় জগন্নাথ..." ধ্বনিতে মুখর ছিল বগুড়া মহানগর। শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঘণ্টা-করতাল আর মহাহরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা। এতে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। এ কর্মসূচির মধ্য দিয়ে শেষ হলো নয় দিনব্যাপী রথযাত্রা মহোৎসব।
এদিন বিকেল ৪টার দিকে মহানগরীর সেউজগাড়ী এলাকার ইসকন আনন্দ আশ্রম থেকে উল্টো রথযাত্রা বের হয়। রথটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার আশ্রমে গিয়ে শেষ হয়।
ইসকন বগুড়ার অধ্যক্ষ খরাজিতা কৃষ্ণ দাসের ব্যবস্থাপনায় উল্টোরথে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, মহানগর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ ও সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়াল, ফুলবাড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক আনন্দ কুমার গুপ্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রথযাত্রাকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ নানা বয়সী ভক্তরা রথের দড়ি টানেন এবং মহাহরিনাম সংকীর্তনে অংশ নেন। অনুষ্ঠান ঘিরে জেলা পুলিশ ও মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, উল্টো রথযাত্রার মাধ্যমে শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা তাঁদের মূল মন্দিরে প্রত্যাবর্তন করেন। তাঁদের আরও বিশ্বাস, জগন্নাথদেবের দর্শন এবং ভক্তিভরে রথের দড়ি টানলে পুণ্য লাভ হয়।
