হিজাব পরে বাড়িতে ঢুকে ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্রসহ যুবক আটক
জয়পুরহাটের ক্ষেতলালে গভীর রাতে হিজাব পরে বাড়িতে ঢুকে স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে আব্দুল মুমিন (৩৫) নামে এক যুবককে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় তার সহযোগী আরিফুল ইসলাম পালিয়ে গেছেন।
বুধবার (১৯ আগস্ট) গভীর রাতে উপজেলার বড়তারা ইউনিয়নের রোয়াইর গ্রামে এ ঘটনা ঘটে। আটক আব্দুল মুমিন ও পলাতক আরিফুল ইসলাম স্থানীয় বাসিন্দা হলেও কাজের সূত্রে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে বেলাল হোসেনের বাড়িতে বোরকা ও হিজাব পরা দুই ব্যক্তি প্রবেশ করেন। একপর্যায়ে তারা বেলাল হোসেনের স্ত্রী সাজেদা বেগমের কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে সাজেদা বেগম চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।
গ্রামবাসীর উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে আব্দুল মুমিনকে দেশীয় অস্ত্রসহ আটক করেন। তবে এ সময় তার সহযোগী আরিফুল ইসলাম পালিয়ে যান। পরে খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমিনকে হেফাজতে নেয়।
স্থানীয় বাসিন্দা আশরাফ আলী বলেন, রাতে বোরকা ও হিজাব পরা দুই ব্যক্তিকে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। রাত আনুমানিক ২টার দিকে তারা বেলালের বাড়িতে ঢোকার পর ওই নারীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যান। পরে ধাওয়া দিয়ে একজনকে অস্ত্রসহ আটক করা হয়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামবাসীর সহায়তায় আব্দুল মুমিনকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
