খলনায়ক ডনের ৫ দিনের রিমান্ড
ঢাকাই চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনকে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান ডনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে ডনের পক্ষে ঢাকা বারের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও আইনজীবী ফরিদুল ইসলাম রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে সিআইডি তিনটি কারণ উল্লেখ করেছে। আবেদনে বলা হয়, সালমান শাহর মৃত্যুর ঘটনাটি আলোচিত ও চাঞ্চল্যকর। ১৯৯৬ সালে ঘটনার পর থেকে তার মা নিরপেক্ষ তদন্তের দাবি করে আসছেন। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তৎপরতা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে ডনকে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হতে পারে বলে মনে করছে সিআইডি।
দ্বিতীয় কারণ হিসেবে সিআইডি ডনকে ‘সুকৌশলী ও ধূর্ত প্রকৃতির’ উল্লেখ করে বলেছে, তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার ঘটনায় জড়িত অন্য সহযোগীদের অবস্থান শনাক্ত ও তাদের গ্রেপ্তার করা সম্ভব হতে পারে।
তৃতীয় কারণ হিসেবে বলা হয়েছে, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কীভাবে, কেন এবং কার ইন্ধনে বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন, তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা প্রয়োজন। পাশাপাশি মামলার প্রকৃত রহস্য উদঘাটনেও তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। ১২ আগস্ট তার জামিনের আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন।
