প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬ ২০:০৩
চীনের ১৪০তম ক্যান্টন ফেয়ার নিয়ে বগুড়ায় ট্রাভেল গুরুস এর বিজনেস কনফারেন্স
ষ্টাফ রিপোর্টার
চীনের ১৪০তম ক্যান্টন ফেয়ারকে কেন্দ্র করে বগুড়ায় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অংশগ্রহণে বিশেষ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। চীন থেকে পণ্য আমদানি করে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজার সম্পর্কে বাস্তব ধারণা দিতে এ কনফারেন্সের আয়োজন করে ট্রাভেল গুরুস ইন্টারন্যাশনালের বগুড়া শাখা।
শনিবার শহরের মফিজ পাগলা মোড়ের রোচাস রেস্টুরেন্টের অডিটোরিয়ামে অনুষ্ঠিত কনফারেন্সে প্রতিষ্ঠানটির মাধ্যমে পূর্বে চীন ভ্রমণ করা গ্রাহক এবং আসন্ন ১৪০তম ক্যান্টন ফেয়ারে অংশগ্রহণের জন্য নিশ্চিত হওয়া ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশ নেন।
কনফারেন্সে চীনের ক্যান্টন ফেয়ার থেকে ব্যবসার জন্য উপযুক্ত পণ্য নির্বাচন, পণ্যের মান যাচাই এবং সরাসরি প্রস্তুতকারক ও সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পণ্যের দাম নিয়ে দরদাম, চীন থেকে পণ্য ক্রয়, শিপমেন্ট ও বাংলাদেশে আমদানি প্রক্রিয়াসহ লাভজনকভাবে ব্যবসা পরিচালনার বিভিন্ন বিষয়েও অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাভেল গুরুস ইন্টারন্যাশনালের ফাউন্ডার অ্যান্ড সিইও মো. শাহজালাল এবং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন। তারা ক্যান্টন ফেয়ারে অংশগ্রহণের মাধ্যমে কীভাবে সরাসরি প্রস্তুতকারক ও সরবরাহকারীদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা যায় এবং নতুন পণ্যের সোর্সিং করা সম্ভব—সে বিষয়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন পরামর্শ দেন।
কনফারেন্সে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবু মোত্তালিব মানিক, আমদানি ও রপ্তানিকারক আব্দুর রহমান, বগুড়া জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়, সায়েম ট্রাভেলস এন্ড ট্যুরস ইন্টারন্যাশনাল এর পরিচালক রেদোয়ান রাকিবসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তারা।
আয়োজকরা জানান, বর্তমানে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য চীন একটি গুরুত্বপূর্ণ সোর্সিং মার্কেট। বিশেষ করে ক্যান্টন ফেয়ারের মতো আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের মাধ্যমে ব্যবসায়ীরা একই প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের পণ্য, প্রস্তুতকারক ও সরবরাহকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান। ট্রাভেল গুরুসের পক্ষ থেকে জানানো হয়, তাদের উদ্যোগের লক্ষ্য শুধু ব্যবসায়ীদের চীন ভ্রমণে সহায়তা করা নয়; বরং পণ্য নির্বাচন, সাপ্লায়ারের সঙ্গে যোগাযোগ ও দরদাম, পণ্য ক্রয় এবং বাংলাদেশে পণ্য নিয়ে আসার পুরো প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া। তাদের প্রত্যাশা, এ ধরনের বিজনেস কনফারেন্সের মাধ্যমে বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী ও উদ্যোক্তারা চীনের আন্তর্জাতিক মার্কেট সম্পর্কে বাস্তব ধারণা পাবেন এবং নতুন পণ্য ও ব্যবসার সম্ভাবনা খুঁজে বের করতে সক্ষম হবেন।
