প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০১
রাণীনগরে পোড়ানো হলো ২ লাখ টাকার অবৈধ জাল
রাণীনগর, নওগাঁ সংবাদদাতাঃ
নওগাঁর রাণীনগর উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা প্রায় ২ লাখ টাকার অবৈধ নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল আগুন দিয়ে পুড়ে ভস্মীভূত করেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অবৈধ এই জালগুলো পোড়ানো হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তর জানায়, গত কয়েক দিনে উপজেলার ছোট যমুনা নদী, বিল এবং আবাদপুকুর হাটে অভিযান চালিয়ে অবৈধ প্রায় ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং চায়না দুয়ারি রিং জাল জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ জালগুলো আগুন দিয়ে ভস্মীভূত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুমন কুমার প্রমুখ।
