প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৪৪

ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে কোটি টাকা পুড়ে ছাই

চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে কোটি টাকা পুড়ে ছাই

রাজবাড়ীর পাংশা বাজারে বসতবাড়ির পাশে ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের পাঁচটি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শহরের বারেক মোড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বসতবাড়ির রান্নাঘরের পাশে রাখা পাটকাঠির গাদায় আগুন দিয়ে ভিমরুলের বাসা পোড়ানো হচ্ছিল। এ সময় সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাজারের পাশের পাঁচটি দোকানে।

অগ্নিকাণ্ডে পাংশা বণিক সমিতির সভাপতি বাহারাম সরদারের দুটি দোকান এবং কাঠের ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পালের একটি দোকানসহ মোট পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

পাংশা বণিক সমিতির সভাপতি বাহারাম সরদার বলেন, বাজারের পাশের একটি বসতবাড়ি থেকে লাগা আগুনে তার দুটি দোকানসহ আরও তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পাল বলেন, জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার তার দোকান বন্ধ ছিল। দোকানে মালামাল কেনার জন্য প্রায় পাঁচ লাখ টাকা নগদ রাখা ছিল। আগুনে নগদ টাকা ও দোকানের সব মালামাল পুড়ে গেছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের উপসহকারী পরিচালক সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রান্নাঘরের পাশ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পাংশা ও কালুখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

উপরে