রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচ আগামীকাল
রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয়ের লড়াই আগামীকাল শনিবার। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩ টায় শিরোপা জয়ের এ লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন মোহনপুর উপজেলা ফুটবল দল দুর্গাপুর উপজেলা ফুটবল দলের মুখোমুখি হবে।
ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি শিরোপা নির্ধারণী এ ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন।
শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে মাঠের ঘাস কাটা হয়েছে। তবে গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে মাঠ বেশ কিছুটা ভেজা বলে জানিয়েছেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক।
রাজশাহীর জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, আজ সারাদিন বৃষ্টি না হওয়ায় মাঠ অনেকটাই শুকিয়ে গিয়েছিল কিন্তু বিকেলে আবারও ভারী বৃষ্টি হওয়ায় মাঠ ভিজে গেল। তবে তিনি বলেন, বৃষ্টিতে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে পানি জমেনাা। যদি একবেলাও রোদ ওঠে তাহলেই এ মাঠে খেলতে কোন সমস্যা হবে না। মাঠ হয়তো ভেজা থাকবে কিন্তু পানি জমে থাকবেনা।
শিরোপা নির্ধারণী ম্যাচের প্রস্তুতি সম্পর্কে বর্তমান চ্যাম্পিয়ন মোহনপুর উপজেলা ফুটবল দলের কোচ মোমিনুল ইসলাম জেট জানিয়েছেন,তাঁর দলের প্রস্তুতি ভালো। তাঁরা আবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন। ফাইনালে তাঁর দলে দুই নাইজেরিয়ান ফুটবলারকে দলভুক্ত করা হয়েছে। এছাড়া ঢাকা লীগে খেলা বাদলও থাকবেন। প্রতিপক্ষ দুর্গাপুর সম্পর্কে তিনি বলেন, দুর্গাপুর ভালো দল। তিনি বলেন,বৃষ্টিতে মাঠ ভেজা থাকতে পারে কিন্তু পানি জমবে না। খেলতে তেমন সমস্যা হওয়ার কথা না।
এদিকে দুর্গাপুরের কোচ বাবু জানিয়েছেন, তাঁর দলের প্রস্তুতি ভালো। তবে সেমিফাইনালে খেলা মিশরের মোস্তফা ফাইনালে খেলবেন না। তাঁর পরিবর্তে তাঁরা একজন নাইজেরিয়ান ফুটবলারকে দলভুক্ত করেছেন। তিনি বলেন,বর্তমান চ্যাম্পিয়ন মোহনপুর এবারও ভালো দল গঠন করেছে। মাঠ সম্পর্কে তিনি বলেন, বৃষ্টিতে মাঠ ভারী হতে পারে কিন্তু পানি জমবে না।
টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই ধারণা করা হচ্ছে। শিরোপা জিততে উভয় দলই দলে বিদেশি খেলোয়াড় দলভুক্ত করেছে। তবে সময়ই বলে দেবে শিরোপা কে জিতবে? মোহনপুর কি শিরোপা অক্ষুন্ন রাখতে পারবে নাকি দুর্গাপুর শিরোপা ছিনিয়ে নেবে?
শনিবারের ফাইনালে রোদ বৃষ্টি উপেক্ষা করেই বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। ফুটবলপ্রেমীদের ধারণা ফাইনালে গ্যালারিতে তিল ধারণের জায়গা থাকবে না। আয়োজকদেরও এমনটাই প্রত্যাশা।
