প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২৮

শীর্ষ সন্ত্রাসী বগাকে ধরতে গিয়ে ৬ পুলিশ সদস্য আহত

চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
শীর্ষ সন্ত্রাসী বগাকে ধরতে গিয়ে ৬ পুলিশ সদস্য আহত

 চট্টগ্রাম নগরের খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ সময় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম ও তার বডিগার্ডসহ ছয় পুলিশ সদস্য আহত হন। ভাঙচুর করা হয়েছে পুলিশের সরকারি গাড়ি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের সুযোগে বাসার ভেতরের এক গোপন সুড়ঙ্গপথ দিয়ে ওয়াকিল হোসেন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোররাত সাড়ে ৪টার দিকে ওয়াকিল হোসেনকে গ্রেফতারে অভিযান চালায় খুলশী থানা পুলিশ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তার অনুসারীরা রাস্তায় ব্যারিকেড তৈরি করেন। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, বোতল ও ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপ করা হয়।
হামলায় খুলশী থানার ওসির সরকারি গাড়ি ভাঙচুর করে ব্যাপক ক্ষতিগ্রস্ত করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার্থে তিন থেকে চারটি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে। এতে ওসিসহ পাঁচ থেকে ছয়জন পুলিশ সদস্য আহত হন। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরে পুলিশের একাধিক দল ওয়্যারলেস এলাকার বিভিন্ন গলি ও ওয়াকিল হোসেনের বাসভবনে সাঁড়াশি অভিযান চালায়। এ সময় বাসার ভেতরে এক গোপন সুড়ঙ্গ ও পালানোর পথের সন্ধান পাওয়া যায়। পুলিশের দাবি, ওই পথ ব্যবহার করে পরিবারের সদস্যদের সহযোগিতায় অভিযানের আগেই পালিয়ে যান ওয়াকিল।
পুলিশ আরও জানায়, অভিযান চলাকালে ওয়াকিল হোসেন মোবাইল ফোন ও ভিডিও কলের মাধ্যমে পুলিশকে বিভিন্ন ধরনের হুমকি দেন এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।
খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, কলেজশিক্ষককে পেটানোর ঘটনায় নিয়মিত মামলা হওয়ার পর আসামির বিরুদ্ধে থাকা অস্ত্র মামলার ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। কিন্তু আসামিরা পূর্বপরিকল্পিতভাবে রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং সরকারি গাড়ি ভাঙচুর করে।
তিনি জানান, হামলায় তিনিসহ পাঁচ থেকে ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ওয়াকিল হোসেনসহ অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন ওরফে বগার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা, দখলবাজি ও বিস্ফোরক আইনের মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগে নগরের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত ১৭টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গত ৮ জুন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল।
সর্বশেষ গত ৩০ আগস্ট পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে তুলে নিয়ে মারধর এবং কলেজের অধ্যক্ষকে ভিডিও কলে রেখে হুমকি দেওয়ার অভিযোগে ওয়াকিল হোসেনের বিরুদ্ধে মামলা হয়।
ওই মামলায় তাকে দুই নম্বর আসামি করে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলার পর থেকেই তাকে গ্রেফতারে অভিযান চালিয়ে আসছে পুলিশ।

উপরে