২০ বাইকারের রেসে প্রাণ গেল সাকিবুলের, এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২০ বাইকারের রেস, রেলিংয়ে ধাক্কায় তরুণ নিহত
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২০ জন বাইকারের রেস চলাকালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লেগে সাকিবুল হাসান (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এক্সপ্রেসওয়ের শিবচর হাইওয়ে থানার পাশের বাচামারা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিবুল হাসান মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া মৌহালী এলাকার তারিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাকিবুল হাসানসহ মানিকগঞ্জের ১১ জন বাইকার মোটরসাইকেল নিয়ে ফরিদপুর হয়ে ভাঙ্গা মোড়ে আসেন। সেখানে ফরিদপুর থেকে আরও ৯ জন বাইকার তাঁদের সঙ্গে যোগ দেন। পরে মোট ২০ জন বাইকার ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত মোটরসাইকেল রেস করার পরিকল্পনা করেন।
একপর্যায়ে তাঁরা রেস শুরু করে দ্রুতগতিতে শিবচরের দিকে এগিয়ে আসেন। আড়িয়াল খাঁ সেতু পার হওয়ার পর সাকিবুলের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের পাশের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাকিবুলের মৃত্যু হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পর সাকিবুলকে আহত অবস্থায় ফেলে রেখে তাঁর সঙ্গে থাকা বন্ধুরা ঘটনাস্থল থেকে চলে যান। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, ঘটনাস্থলে গিয়ে ওই তরুণকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি বন্ধুদের সঙ্গে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর তাঁর সঙ্গে থাকা বন্ধুরা চলে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
