ইউএনওর স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টা, আটক ২
দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিরামপুর পৌর প্রশাসকের জাল স্বাক্ষরে নাগরিকত্ব সনদ তৈরি করে ভোটার হওয়ার চেষ্টার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, মুন্সিগঞ্জের লৌহজং এলাকার মুহিন হোসেন বোরহান নামে এক যুবক বিরামপুরের ঠিকানা ব্যবহার করে জাল নাগরিকত্ব সনদ দিয়ে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাচন অফিসে ভোটার হওয়ার জন্য আবেদন করেন। তাঁর দাখিল করা নাগরিকত্ব সনদে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোছা. তানজিনা খাতুনের স্বাক্ষর জাল বলে সন্দেহ হয়। এ ঘটনায় মুহিনের বাবা মনির হোসেনকে (৫২) আটক করা হয়।
পুলিশ জানায়, মনির হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে জাল সনদ তৈরির অভিযোগে বিরামপুর নতুন বাজারের সুমন কম্পিউটারের স্বত্বাধিকারী সাইদুর জামান সুমনকে (৩৮) তলব করে আটক করা হয়।
এ ঘটনায় বিরামপুর পৌরসভার নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক ও কম্পিউটার অপারেটর রিয়াজুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে থানায় মামলা করেন। স্বাক্ষর জাল করে প্রতারণার মাধ্যমে জাল সনদকে আসল হিসেবে ব্যবহারের অভিযোগে মামলাটি করা হয়েছে। এ সময় সাইদুর জামান সুমনের দোকানে ব্যবহৃত একটি কম্পিউটার ও স্ক্যানার জব্দ করা হয়।
বিরামপুর থানার ওসি (তদন্ত) শামীম আল মামুন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিরামপুর পৌর প্রশাসকের জাল স্বাক্ষরে নাগরিকত্ব সনদ তৈরির ঘটনায় দায়ের করা মামলায় আটক দুজনকে শুক্রবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
