প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০০:২৫

নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনুমোদিত নতুন জাতীয় পে-স্কেল-২০২৬-এর গেজেট প্রকাশের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে সরকার। খসড়া পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের কাজ চলছে। এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ হলে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে।

নতুন পে-স্কেল বাস্তবায়নে মূল গেজেটের পাশাপাশি বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের জন্য পৃথক এসআরও জারি করা হবে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে আইবাস++-এ প্রয়োজনীয় পরিবর্তন আনার কাজ চলছে। অবসরপ্রাপ্তদের পেনশন-সংক্রান্ত তথ্যও হালনাগাদ করা হচ্ছে।

গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় অনুমোদিত নতুন পে-স্কেলে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার এবং প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।

দুই অর্থবছরে ধাপে ধাপে নতুন বেতন স্কেল বাস্তবায়ন করা হবে। মূল বেতন তিন ধাপে কার্যকর হবে এবং বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

নতুন পে-স্কেলে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা এবং সব গ্রেডের সরকারি কর্মচারীর জন্য মোবাইল ভাতার সুযোগ রাখা হয়েছে। এছাড়া ‘এক গ্রেড এক পেনশন’ পদ্ধতি ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।

নতুন বেতন কাঠামোর ফলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন বলে সরকারি হিসাবে জানানো হয়েছে।

উপরে