প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০১

ময়মনসিংহ হাসপাতালের শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ৬

চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
ময়মনসিংহ হাসপাতালের শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে এক শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)। এ ছাড়া অজ্ঞাতপরিচয় এক শিশুও নিহত হয়েছে। সোমবার রাতে মমেক হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে নতুন ভবনের দীর্ঘদিন ধরে অকেজো একটি লিফটে আগুনের সূত্রপাত হয়। লিফটটির ভেতরে ময়লা-আবর্জনা জমে ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ সদর স্টেশনের তিনটি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্টেশনের একটি ইউনিটসহ চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হাসপাতালের স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার জানান, লিফটটি দীর্ঘদিন ধরে নষ্ট অবস্থায় পড়ে ছিল এবং সেখানে ময়লা-আবর্জনা জমে ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুনের ধোঁয়া ও আতঙ্ক ছড়িয়ে পড়লে নতুন ভবনে থাকা রোগী, স্বজন, চিকিৎসক, নার্স ও কর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। প্রাণ বাঁচাতে অনেকে একসঙ্গে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করেন। এ সময় সিঁড়িতে হুড়োহুড়ি ও পদদলনের ঘটনা ঘটে। এতে কয়েকজন গুরুতর আহত হন। পরে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের খবর ছড়িয়ে পড়ার পর ভবনের বিভিন্ন তলায় থাকা লোকজন একসঙ্গে নিচে নামার চেষ্টা করেন। এতে সিঁড়ি ও বের হওয়ার পথে প্রচণ্ড ভিড় তৈরি হয়। আতঙ্কিত অনেকে পড়ে গেলে তাঁদের ওপর দিয়ে অন্যরা বের হওয়ার চেষ্টা করেন। এ সময় পদদলনের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের পর পুরো হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখছেন। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উপরে