প্রকাশিত : ১ অক্টোবর, ২০২৬ ০১:২৩

ফতুল্লায় শীর্ষ সন্ত্রাসী ‘মেন্টাল মানিক’ গ্রেপ্তার

চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
ফতুল্লায় শীর্ষ সন্ত্রাসী ‘মেন্টাল মানিক’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ ‘মেন্টাল মানিক’ ওরফে নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কুতুবপুর ইউনিয়নের সাইনবোর্ড শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, মানিক মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা মালামাল থানার জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

পুলিশ আরও জানায়, জমি দখলকে কেন্দ্র করে একটি ঘটনায় মানিককে প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি ও মহড়া দিতে দেখা গিয়েছিল। ফতুল্লা এলাকায় তাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে বলেও পুলিশ দাবি করেছে।

ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) খালেদুজ্জামান বলেন, মানিকের বিরুদ্ধে তিনটি মামলা পাওয়া গেছে। এর মধ্যে একটি অস্ত্র, একটি ইয়াবা এবং অপরটি মারামারি সংক্রান্ত মামলা। ইয়াবা উদ্ধারের ঘটনায় করা মামলায় তাকে আদালতে পাঠানো হবে। অন্য মামলাগুলোতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা তাকে গ্রেপ্তার দেখাবেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার মানিকের বিরুদ্ধে মাদকসংক্রান্তসহ একাধিক মামলা রয়েছে এবং এসব মামলায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উপরে