প্রকাশিত : ২ অক্টোবর, ২০২৬ ০০:৩২

চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের নাম ‘আনাস হাসান’—আজীবন ফ্রি যাত্রা

চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের নাম ‘আনাস হাসান’—আজীবন ফ্রি যাত্রা

ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারীগামী ‘আনাস এন্টারপ্রাইজ’ পরিবহনের একটি চলন্ত বাসে সন্তান প্রসব করেছেন আবিদা বেগম নামে এক নারী। পরে পরিবহনের নামের সঙ্গে মিল রেখে নবজাতক ছেলের নাম রাখা হয়েছে ‘আনাস হাসান’। ব্যতিক্রমী এ ঘটনায় শিশুটিকে ওই পরিবহনের বাসে আজীবন বিনামূল্যে ভ্রমণের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন মালিক।

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে রংপুরের মিঠাপুকুর এলাকায় চলন্ত বাসে এ ঘটনা ঘটে। সন্তান জন্মের পর বাসে মিষ্টি বিতরণ করেন পরিবহনের কর্মীরা।

আবিদা বেগমের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে। তিনি ওই গ্রামের আবেদ আলীর মেয়ে। সাভারের জিরানীতে একটি পোশাক কারখানায় কাজ করতেন আবিদা। সন্তান প্রসবের সম্ভাব্য সময়ের প্রায় ২০ দিন আগে মা-বাবার সঙ্গে গ্রামের বাড়িতে ফিরছিলেন তিনি।

পরিবার ও বাসের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থেকে বুড়িমারীর উদ্দেশে ছেড়ে যাওয়া আনাস এন্টারপ্রাইজের বাসটি মিঠাপুকুর এলাকায় পৌঁছালে আবিদার প্রসববেদনা শুরু হয়। পরে বাসটি থামিয়ে পুরুষ যাত্রীদের বাইরে রাখা হয়। বাসে থাকা এক ধাত্রী ও কয়েকজন নারী যাত্রীর সহায়তায় দুটি আসন একসঙ্গে করে সেখানেই সন্তান প্রসব করানো হয়।

আবিদার বাবা আবেদ আলী বলেন, ‘চিকিৎসক জানিয়েছিলেন, সন্তান প্রসবের আরও প্রায় ২০ দিন বাকি। এ কারণে মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলাম। কিন্তু পথেই বাসের মধ্যে নাতির জন্ম হয়। মেয়ে ও নাতি দুজনই সুস্থ আছে। বাসে জন্ম হওয়ায় পরিবহনের নামের সঙ্গে মিল রেখে নাতির নাম আনাস হাসান রেখেছি।’

বাসের সুপারভাইজার মজনু হোসেন বলেন, মিঠাপুকুর এলাকায় পৌঁছানোর পর ওই নারীর প্রসববেদনা শুরু হয়। এরপর পুরুষ যাত্রীদের বাস থেকে নামিয়ে দুটি আসন একসঙ্গে করা হয়। পরে বাসে থাকা একজন ধাত্রী ও নারী যাত্রীদের সহায়তায় সন্তান প্রসব করানো হয়। বিষয়টি বাসের মালিককে জানানো হলে তিনি শিশুটির জন্য উপহার দেওয়ার পাশাপাশি আজীবন বিনামূল্যে বাসে যাতায়াতের সুযোগ দেওয়ার ঘোষণা দেন।

ঘটনাটি জানার পর বুধবার (৩০ সেপ্টেম্বর) আনাস এন্টারপ্রাইজের মালিক আলহাজ দিপু লালমনিরহাটে আসেন। তিনি বাসের সুপারভাইজার মজনু মিয়াকে সঙ্গে নিয়ে হাতীবান্ধার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে আবিদাদের বাড়িতে যান। সেখানে শিশুটির জন্য দোলনা, বেবি বেড, মশারি, প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন উপহার দেন।

এ সময় পরিবহন মালিক দিপু ঘোষণা দেন, ‘আনাস হাসান’ তার কোম্পানির বাসে আজীবন বিনামূল্যে যাতায়াত করতে পারবে।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজল রহমান খোকন বলেন, ইউপি সদস্যের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। চলন্ত বাসে সন্তান জন্ম দেওয়ার ঘটনাটি এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

উপরে