প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬ ০১:১৩

আগেই জেলে ছিলেন বাবা, এবার গ্রেপ্তার ছাত্রলীগ নেত্রী মেয়েও

রংপুর সংবাদদাতাঃ
আগেই জেলে ছিলেন বাবা, এবার গ্রেপ্তার ছাত্রলীগ নেত্রী মেয়েও

রংপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি) শাখার সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অনিমা জামান প্রমা রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম নিষিদ্ধ শাখার সভাপতি আতাউর জামান বাবুর মেয়ে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে কোতোয়ালি থানা-পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নগরীর ২০ নম্বর ওয়ার্ডের নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রমাকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই দিন সন্ধ্যায় তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি বলেন, প্রমার বিরুদ্ধে গোপনে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১১ এপ্রিল তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান প্রমা। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি।

এর আগে, ২০২৫ সালের ১৪ আগস্ট নিউ ইঞ্জিনিয়ারপাড়ায় নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হন প্রমার বাবা আতাউর জামান বাবু। জুলাই গণঅভ্যুত্থানের সময় হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির বর্তমান নাম ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি)।

উপরে