প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬ ০১:৩৬

সিরাজগঞ্জে সরকারি রাস্তার গাছ কেটে ভবন নির্মাণের অভিযোগ

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
সিরাজগঞ্জে সরকারি রাস্তার গাছ কেটে ভবন নির্মাণের অভিযোগ
 
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি সড়কের পাশ থেকে অর্ধশত বছরের দুটি আম ও বটগাছ কেটে বিক্রি এবং সেখানে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কতিপয়  প্রভাবশালীদের বিরুদ্ধে।
 
 এ ঘটনায় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে তাড়াশ  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করেছেন স্থানীয়রা।
 
গতকাল সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার নওগাঁ ইউনিয়নের ইসলামপুর (গোবরপাড়া) গ্রামের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চৌপাকিয়া-কুচিয়ামারা সড়কের পাশের অর্ধশত বছরের পুরোনো  দুটি গাছ কেটে ২ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করে  ঐ স্থানে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। 
 
স্থানীয় আব্দুল জব্বার, ময়নাল শেখ, বাচ্চু সরকার, ইসহাক আলী ও কুদ্দুস মোল্লার অভিযোগ, গাছ দুটি দীর্ঘদিন ধরে পথচারী, কৃষক ও শিক্ষার্থীদের ছায়া দেওয়ার পাশাপাশি পাখির আবাসস্থল হিসেবে ভূমিকা রাখছিল। গাছগুলো কেটে ফেলায় এলাকার পরিবেশের ভারসাম্য ও বিদ্যালয়ের সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
স্থানীয় সচেতন মহলের দাবি, বিষয়টি দ্রুত সরেজমিন তদন্ত করে গাছ কাটার বৈধতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
 
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
 
তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
উপরে